চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত আইনশৃঙ্খলা কার্যক্রমে এক দিনে ৩০৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, মদ ও স্কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘণ্টার মাদকবিরোধী অভিযান, নিয়মিত মামলা ও বিভিন্ন ধরনের গ্রেপ্তারের পরিসংখ্যান প্রকাশ করা হয়।
রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ৮২ হাজার ৮৬০ পিস ইয়াবা, ২১ কেজি ৯১২ গ্রাম গাঁজা, ৫০০ লিটার মদ এবং ৭৬১ বোতল স্কফ সিরাপ জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩০৫ জনের মধ্যে নিয়মিত মামলায় ৭৭ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১২ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন রয়েছেন। এছাড়া বিভিন্ন পরোয়ানায় ১১৭ জন এবং সাজা পরোয়ানায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৭৩ জনকে। তাদের মধ্যে ৩৫ জনকে মাদক ব্যবসায়ী এবং ৩৮ জনকে মাদকসেবী হিসেবে শনাক্ত করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে আদায় করা হয়েছে ৯ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড।
এ ছাড়া অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।
চাটগাঁ নিউজ/এমকেএন





