নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪৪

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান এবং নিখোঁজদের সন্ধানে নিরাপত্তা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ।

গত ২৬ আগস্ট আকস্মিক বন্যায় নেপালের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হিমালয় অঞ্চলে হিমবাহ ধসের ফলে উপত্যকায় কয়েকটি হ্রদের সৃষ্টি এবং পরে সেসব হ্রদের পানি তিব্বত সীমান্তবর্তী গ্রামগুলোর দিকে প্রবল স্রোতে নেমে আসার কারণে এই বিপর্যয় ঘটে বলে ধারণা করা হচ্ছে।

বন্যার পানিতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দুর্গত এলাকার বাসিন্দারা এখন ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্গঠন ও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। তবে বন্যার পর পানিদূষণ এবং বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা নতুন উদ্বেগ তৈরি করেছে।

দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত বিদুর এলাকার পানীয় জলের ১৫টি উৎসের মধ্যে পাঁচটিতে ই-কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত হয়েছে। সাধারণত মানুষের ও প্রাণীর মলে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। ভোটেকোশি নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে বিদুর অন্যতম।

বন্যার পর ধসে পড়া মাটির নিচে আটকা পড়া ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার উদ্ধারকারী দল দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর তাদের উদ্ধার করতে সক্ষম হয়। নেপাল সরকারের তথ্য অনুযায়ী, দুর্গত এলাকায় মোতায়েন বিভিন্ন উদ্ধারকারী দলের সমন্বিত প্রচেষ্টায় এ উদ্ধার অভিযান সফল হয়।

এদিকে বন্যার পর নেপালের রাসুয়া ও নুয়াকোট জেলায় প্রায় ৬০০ শিশুর সন্ধান পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে নিখোঁজ ৪ হাজার ৭৯৮ জনের সন্ধানে নিরাপত্তা বাহিনীর যৌথ কমান্ড অভিযান চালিয়ে যাচ্ছে।

নেপালের বন্যায় ২৭৫ ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সময়ে ১৬৬ ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ আগস্ট বন্যা শুরু হওয়ার পর থেকে নেপালে প্রায় ৯৫ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত। দুর্যোগের পর দ্রুত সহায়তা পাঠানো দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। ত্রাণসামগ্রীর পাশাপাশি দেশটি বিশেষায়িত উদ্ধারকারী দলও পাঠিয়েছে। এসব দল দুর্গত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করছে।

ভয়াবহ এই বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে নেপালের দুর্গত এলাকাগুলোতে উদ্ধার, পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রম এখনো চলমান রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top