চাটগাঁ নিউজ ডেস্ক : জাতীয় সংসদে রোববার (৫ এপ্রিল) বিকেলে মাইকে হঠাৎ বিভ্রাট দেখা দেওয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদের অধিবেশন ২০ মিনিটের জন্য বন্ধ ঘোষণা করেছেন।
এ সময় স্পিকার বলেন, এভাবে বারবার বিভ্রাট ঘটানো জাতির জন্য কলঙ্কজনক।
মাগরিবের নামাজের আগে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বক্তব্যের সময় মাইকে বিভ্রাট দেখা দেয়। আজ সংসদে চারটি বিল পাসের পর তিনি সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর নির্ধারণের অন্তর্বতী সরকারের অধ্যাদেশ অনুমোদন বিলে বক্তব্য দেন। বিরোধী দল ‘হ্যাঁ’ ভোট না দেওয়ায় তিনি সমালোচনা করেন।
বক্তব্যের সময় হট্টগোলের কারণে চিফ হুইপের বক্তব্য প্রায় শোনা যাচ্ছিল না। স্পিকার সদস্যদের উদ্দেশ্য করে বলেন, ‘বক্তব্য শোনা যাচ্ছে না, বসে পড়ুন।’
এ সময় সদস্যরা সমস্বরে বলেন, তাঁরা স্পিকারের কথা শুনতে পাচ্ছেন না। তখন হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘তাহলে মুলতবি করে দেই’। এ পর্যায়ে স্পিকার মাইক–বিভ্রাটের জন্য ২০ মিনিট, মাগরিবের নামাজের জন্য ২০ মিনিটসহ ৪০ মিনিটের জন্য সংসদ অধিবেশন মুলতবি করেন। প্রায় এক ঘণ্টা ১৮ মিনিট পর সংসদের অধিবেশন শুরু হয়।
স্পিকার জানান, জুলাই ২০২৪ সালের ছাত্র–জনতা অভ্যুত্থানের সময় সংসদের আসবাবপত্র ও সাউন্ড সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর মেরামত করা হলেও মাইকে বিভ্রাট অব্যাহত রয়েছে। তিনি বলেন, সংসদ কর্তৃপক্ষ সমস্যার সমাধানে কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু তারা দায়সারাভাবে এড়িয়ে যাচ্ছে।
স্পিকার সংসদ সচিবকে নির্দেশ দিয়েছেন, মাইকের সমস্যা নিয়ে তদন্ত কমিটি গঠন করতে এবং প্রকৃত তথ্য জানাতে। তিনি বলেন, এটি অত্যন্ত অসন্তোষজনক পরিস্থিতি হলেও সংসদের কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।
চাটগাঁ নিউজ/এসএ





