মহেশখালীতে মাছ ধরতে গিয়ে হিটস্ট্রোকে জেলের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম মৎস্য প্রকল্প এলাকায় মাছ ধরার সময় হিটস্ট্রোকে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত জেলের নাম সামশুল আলম (৬৫)।

শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার পশ্চিম পাশে একটি চিংড়িঘেরে এ ঘটনা ঘটে। যদিও ঘটনাটি সকালে ঘটেছিল, তবে রাতে বিষয়টি এলাকায় ব্যাপকভাবে জানাজানি হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকালে চিংড়িঘেরে মাছ ধরতে যান সামশুল আলম। মাছ ধরার একপর্যায়ে প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি অচেতন হয়ে গেলে স্থানীয়রা দ্রুত তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. সেলিম জানান, তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তার বাবার মৃত্যু হয়েছে। সামশুল আলম দীর্ঘদিন ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছে। স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, হিটস্ট্রোকজনিত কারণেই সামশুল আলমের মৃত্যু হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top