চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকায় বন বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযানে মাইকে ঘোষণা দিয়ে বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন বনকর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বনবিভাগের পরিচালিত এ অভিযানে উচ্ছেদকারীদের একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এ হামলা চালায় বলে জানান বনকর্মীরা।
মহেশখালী রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির বলেন, সরকারি বনভূমি দখলমুক্ত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকালে শাপলাপুরের জেএমঘাট এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ সময় অবৈধ দখলদার চক্রটি উচ্ছেদ ঠেকাতে সাধারণ মানুষকে উসকানি দিতে স্থানীয়ভাবে মাইকে ঘোষণা দেয়। মাইকিং শুনে একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে বন বিভাগের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
মহেশখালী রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, হামলায় আমাদের কয়েকজন বনকর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারি কাজে বাধা ও বনকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।
এই ঘটনার পর পুরো এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এই হামলায় নেতৃত্ব দেওয়া অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ও বন বিভাগ যৌথভাবে কাজ করছে বলে জানা যায়।
চাটগাঁ নিউজ/জেএইচ





