মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর রাজঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ান ওই এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম সুমনের একমাত্র সন্তান। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম, পাশাপাশি পুরো এলাকাজুড়েও বিরাজ করছে গভীর বিষণ্নতা।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঘটনার সময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। পরিবারের সদস্যরা ব্যস্ত থাকায় কিছু সময়ের জন্য তার প্রতি নজরদারি ছিল না। ধারণা করা হচ্ছে, খেলতে খেলতেই সে বাড়ির সামনের পুকুরের দিকে চলে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়।
পরবর্তীতে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। দ্রুত উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করা হলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. আবু হায়দার গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। একইসঙ্গে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, ছোট শিশুদের কখনোই একা ছেড়ে না দেওয়া এবং বাড়ির আশপাশে জলাশয় থাকলে বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন






