মহেশখালীতে পুকুরে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলায় পুকুরে ডুবে সামিয়া নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রোববার (৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সামিয়া কালালিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

জানা গেছে, সাপ্তাহিক ছুটি থাকায় সকালে বাড়ির পাশেই সমবয়সী কয়েকজন বন্ধুর সঙ্গে খেলাধুলায় মেতে ওঠে সামিয়া। দুপুরের দিকে প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা করতে সে বাড়ির অদূরে কালালিয়াকাটা মাদ্রাসা সংলগ্ন একটি পুকুরে গোসল করতে যায়। প্রথমে অন্যান্য শিশুরাও তার সঙ্গে পানিতে নামে বলে জানা গেছে।

একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরের গভীর অংশে চলে গেলে সামিয়া হঠাৎ তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি বুঝতে না পেরে কিছু সময় পরে তাকে খুঁজতে থাকে। পরে তাকে কোথাও দেখতে না পেয়ে স্থানীয়দের খবর দেয়।

খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুকুরে তল্লাশি শুরু করেন। প্রায় ১৫-২০ মিনিট চেষ্টার পর স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পানির নিচ থেকে উদ্ধার করেন। এসময় তার শরীরে কোনো সাড়া না পেয়ে দ্রুত মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চাটগাঁ নিউজ/হোবাইব/জেএইচ

Scroll to Top