চাটগাঁ নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে পাঁচটি ভাসমান তেল বিক্রয়কেন্দ্র ও একটি দোকানসহ ছয়টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এ সময় দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্স ছাড়াই ভাসমান ও স্থায়ী দোকানে জ্বালানি তেল বিক্রি ও মজুত করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ‘মেসার্স ওসাম ট্রেডার্স’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘রাসেল এন্ড কোম্পানি’র মালিক ঘটনাস্থলে উপস্থিত থাকায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্য চার প্রতিষ্ঠানের মালিক বা কর্মচারী ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাদের জরিমানা করা সম্ভব হয়নি। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছয়টি প্রতিষ্ঠানই সিলগালা করে দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, জনস্বার্থে এবং অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও মজুত রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এসএ





