মমতার হার, বাসভবনে হামলার শঙ্কায় নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ধরাশায়ী হওয়ার পর বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, লুট-লুট-লুট হয়েছে। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, তার দল তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াবে। এদিকে তার হারের খবরে বিজেপি কর্মীরা উল্লাস প্রকাশ করতে তার বাসভবনে আশেপাশে ভিড় জমাচ্ছেন। এরই মধ্যে তার বাসভবনে হামলার শঙ্কা জেগেছে। তাই কালিঘাটের সেই বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দেশটির স্থানীয় সময় সোমবার বিকেল থেকে একদল ব্যক্তি মমতার বাসভবনের সামনে জয় শ্রী রাম বলে স্লোগান দিতে থাকে। এরপরেই নির্বাচন কমিশন বর্তমান মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা বাড়াতে নির্দেশ দেয়।

এ ছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনার পর রাজ্য সচিবালয় নবান্নের চারপাশের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

এদিকে দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেয়া সর্বশেষ তথ্যে বলা হয়েছে, বিজেপি ২০৩ আসনে এগিয়ে আছে। অন্যদিকে মমতার তৃণমূল কংগ্রেস ৮৪টি আসনে এগিয়ে আছে।

রাজ্যটিতে সরকার গঠন করতে হলে যেকোনো দলকে ১৪৮টি আসনে জয় পেতে হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top