চাটগাঁ নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুইজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিহতদের একজন হলেন সিলেটের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ আহমেদ, যিনি সংযুক্ত আরব আমিরাতের আজমানে বসবাস করতেন। আকাশপথে হামলার সময় একটি স্থাপনায় ধ্বংসাবশেষ পড়ে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে প্রাণ হারান। এছাড়া, বাহরাইনেও একই ধরনের ঘটনায় আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। সেখানে তিনজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
এদিকে কুয়েতে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রাবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চাঁদিনার দুলাল মিয়া। আহতরা প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাস নিয়মিত তাদের খোঁজখবর রাখছে এবং রাষ্ট্রদূত নিজেও হাসপাতালে গিয়ে সাক্ষাৎ করেছেন।
সংযুক্ত আরব আমিরাত ও মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছে। বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিক হলে নিহতদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থান করছে। জাহাজটির ক্যাপ্টেনের সঙ্গে দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে এবং সকল নাবিক নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে। সেখানে বসবাসরত প্রায় ৬০ লাখ বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসগুলোকে প্রবাসীদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিতে বলা হয়েছে।
সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





