মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইরানের পাশে দাঁড়ালো চীন

চাটগাঁ নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে চীন। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় চীন ২ লাখ ডলারের জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে জানান, এই সহায়তা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি–এর মাধ্যমে প্রদান করা হবে। নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর প্রতীক হিসেবেই এ সহায়তা দেওয়া হচ্ছে।

গুয়ো জিয়াকুন বলেন, একটি স্কুলে হামলা এবং নিরপরাধ শিশুদের প্রাণহানি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। চীন সব সময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থেকে সংকট মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে। সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সম্মান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপের মাধ্যমে সংকট সমাধানে এগিয়ে আসা উচিত, যাতে সংঘাত আরও বিস্তৃত না হয়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়–এ মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬৫ শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–সহ মোট ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত এবং ১০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top