ফটিকছড়ি প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এখনো শেষ হয়নি। গণতন্ত্রের প্রশ্নে আপস না করা একমাত্র রাজনৈতিক দল হলো বিএনপি। তিনি বলেন, দেশের মানুষ চায় না কোনো বিদেশি শক্তি এ দেশ পরিচালনা করুক।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেকে মনে করছেন আন্দোলন শেষ হয়ে গেছে, কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই—এই আন্দোলন এখনো শেষ হয়নি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একমাত্র বিএনপিই গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না।
তিনি দলের নেতাকর্মী ও সাধারণ জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭-১৮ বছরের ত্যাগ, গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, পুলিশের হেফাজতে মৃত্যু, কারাগারে চিকিৎসার অভাবে মৃত্যু, ব্যবসা ও চাকরি হারানোর মতো নানা নির্যাতনের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা খাঁটি সোনায় পরিণত হয়েছেন। এই আন্দোলন এখনো শেষ হয়নি। ইনশাআল্লাহ, ১২ তারিখে এই আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটবে বলেন তিনি।
চট্টগ্রাম-২ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীর এবং দলের নির্বাহী কমিটির সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী প্রমুখ।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন





