ভুয়া নথি দেখিয়ে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারের চেষ্টা

চাটগাঁ নিউজ ডেস্ক: ভুয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে ৪০ ফুট লম্বা একটি কনটেইনার পাচারকালে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ। স্বদেশী চিটাগাং জাহাজে ( রোটেশন নম্বর-২৫/৩৮৭১) ফাহিম এটেয়ার অ্যান্ড কম্পোজিট লিমিটেডের নামে আসা ওই চালানের এজেন্ট কন্টিনেন্টাল ট্রেডার্স।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টির সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৩১ মার্চ কনটেইনারটি পাচারের উদ্দেশ্যে জেএস ইন্টারন্যাশনাল সিঅ্যান্ডএফ এজেন্টের একটি ভুয়া অন-চেসিস অনুমতিপত্র, চালান এবং গেইট পাস ব্যবহার করে এনসিটি ব্যাকআপ ইয়ার্ড থেকে ট্রেইলারে লোড করে সিপিএআর গেইট ব্যবহার করে আনুমানিক সাড়ে চারটায় কনটেইনারটি বের করা হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং একপর্যায়ে কনটেইনারটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

পরবর্তীতে কনটেইনারটিসহ ট্রেইলারটি বারনীঘাট, হালিশহর, শাহজালাল ট্রাক টার্মিনালের পাশে, বিএমডি সাইফুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি গ্যারেজে থেকে বন্দরের নিরাপত্তা বিভাগ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে আনুমানিক রাত সাড়ে ১১টায় আটক করে।

এ সময় কনটেইনারটি পাচারের সাথে জড়িতরা স কলে পালিয়ে যায়।

এ ঘটনায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং বন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বন্দর সচিব।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top