চাটগাঁ নিউজ ডেস্ক: ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ মার্চ) নগরীর গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ।
অভিযানকালে ভাড়ার নির্ধারিত তালিকা প্রদর্শন না করায় কয়েকটি পরিবহন কাউন্টারকে জরিমানা করা হয়। এর মধ্যে সেন্টমার্টিন পরিবহনকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার টাকা, দেশ ট্রাভেলসকে ৩ হাজার টাকা এবং রয়েল মৈত্রী সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ জানান, ঈদকে কেন্দ্র করে যাতে কোনো পরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





