চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-১১ (বন্দর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিজয়ী হওয়ার পর নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) নগরের বন্দর, পতেঙ্গা, ইপিজেড, সদরঘাট ও ডবলমুরিংয়ের বিভিন্ন এলাকায় নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে এসব প্রচারসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন।
সংশ্লিষ্টরা জানান, আচরণবিধি বাস্তবায়নে নির্ধারিত সময় ও স্থানের বাইরে কোনো ধরনের ব্যানার বা ফেস্টুন না রাখার বিষয়ে কড়াকড়ি নির্দেশনা রয়েছে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার আগে বা নির্ধারিত স্থানের বাইরে প্রচারসামগ্রী টানানো নিষিদ্ধ। এ বিধান কার্যকর রাখতে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান নির্বাচন কর্মকর্তারা।
ইপিজেড থানা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর সফরাজ কাদের রাসেল বলেন, বন্দর এলাকা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল, যেখানে দেশি-বিদেশি বহু শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। নির্বাচনের আগে লাগানো ব্যানার-পোস্টার সরিয়ে ফেলা দলীয় নেতাকর্মীদের দায়িত্ব।
তিনি আরও জানান, আমীর খসরু মাহমুদ চৌধুরীর নির্দেশনায় বন্দর, পতেঙ্গা, ইপিজেড ও সদরঘাটসহ সংশ্লিষ্ট এলাকার বিএনপি নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় প্রচারসামগ্রী অপসারণে কাজ করছেন। একইসঙ্গে এলাকা পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
দলীয় নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরকে নান্দনিক ও পরিষ্কার-পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলার দীর্ঘদিনের লক্ষ্য রয়েছে নবনির্বাচিত এই সংসদ সদস্যের। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এ এলাকাকে আরও আকর্ষণীয় করে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও মত দেন তারা।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





