ব্যাংকে ২৪ লাখ টাকা জমা না দিয়ে উধাও, চাক্তাইয়ের দোকান কর্মচারী আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাকলিয়া এলাকায় ব্যবসায়ীর কাছ থেকে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তার কর্মচারী মো. আলী (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় আলীর কাছ থেকে ২১ লাখ ৪৬ হাজার ১৩১ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টায় খুলনা জেলার সোনডাঙ্গা থানার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন। আলী আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকার মৃত মফজল আহমদের ছেলে।

বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, চাক্তাই এলাকার মুদি ব্যবসায়ী মো. মোর্শেদ গত ২৩ ফেব্রুয়ারি আলীকে ২৪ লাখ টাকা ইসলামী ব্যাংক থেকে তুলে কৃষি ব্যাংকে জমা দেয়ার জন্য পাঠান। কিন্তু আলী টাকা জমা না দিয়ে উধাও হয়ে যান।

গ্রেপ্তারের সময় আলীর কাছ থেকে ২১ লাখ ৪৬ হাজার ১৩১ টাকা এবং প্রায় ২ লাখ টাকা দামের একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top