বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে পশ্চিম শাকপুরা এলাকায় একটি মেছো বাঘ লোকালয়ে নেমে আসার ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নারকেল গাছে বাঘসদৃশ প্রাণী দেখা যাওয়ার খবর ছড়ালে মুহূর্তেই সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।
রবিবার (২১ জুন) সকালে উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রইস্যা মিস্ত্রির বাড়ির একটি নারকেল গাছের ডগায় প্রাণীটিকে দেখতে পান স্থানীয়রা। পরে খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নারকেল গাছে বাঘসদৃশ প্রাণীটি দেখতে পেয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। দীর্ঘ সময় গাছে অবস্থান করার পর প্রাণীটি পরে নিচে নেমে পাশের দিকে চলে যায়।
চট্টগ্রাম বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তা দীপান্বিত ভট্টাচার্য জানান, প্রাথমিকভাবে প্রাণীটিকে মেছো বিড়াল হিসেবে শনাক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, রাতের মধ্যে প্রাণীটি স্বাভাবিকভাবে নিচে না নামলে সোমবার প্রয়োজনীয় উদ্ধার অভিযান পরিচালনা করা হতে পারে। এটি একটি উপকারী বন্যপ্রাণী, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।
চাটগাঁ নিউজ/এমকেএন






