চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি বসতঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরা গ্রামের বৈদ্য বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী লাভলী বড়ুয়া এ ঘটনায় বোয়ালখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে ঘরের দরজা তালাবদ্ধ করে সারোয়াতলীতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যান তিনি। পরে বিকেলে চিকিৎসকের পরামর্শ নিতে চট্টগ্রাম নগরে যান। রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরে ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পান পেছনের দরজাটি খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা দুটি আলমিরার তালা ভেঙে ভেতরে রাখা নগদ ৩ লাখ টাকা এবং আনুমানিক ১৪ লাখ টাকা মূল্যমানের ৬ ভরি স্বর্ণের গয়না চুরি করে নিয়ে যায়।
লাভলী বড়ুয়ার স্বামী শিমুল বিকাশ বড়ুয়া জানান, তিনি স্থানীয় ধম্মানন্দ বৌদ্ধ বিহারের কোষাধ্যক্ষ। বিহারের উন্নয়ন কাজের জন্য সংগৃহীত নগদ অর্থ এবং তার চাকরি থেকে প্রাপ্ত মাসিক বেতন আলমিরার ড্রয়ারে সংরক্ষণ করা ছিল, যা চোরেরা নিয়ে গেছে।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





