বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীর আরকান সড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মিছিলটি হয়েছে বলে ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে। বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল এর নেতৃত্ব এই ঝটিকা মিছিল করা হয়। তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিছিলের ভিডিওটি প্রকাশ করা হয়।
১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আরকান সড়কের শাকপুরা মিলিটারীপুল এলাকার সড়কে শতাধিক নেতাকর্মীদের নিয়ে এই মিছিল করা হয়। এসময় বিভিন্ন স্লোগান দেওয়ার পর দলটি নেতাকর্মীরা দ্রুত সেখান থেকে চলে যায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, সকালে একটি মিছিলের ঘটনা ফেইসবুকে ভাইরাল হয়েছে। বাস্তবে কেউ দেখেনি, আমরা এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি, আসামিদের সনাক্ত করে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
তিনি আরো বলেন, শাকপুরা মিলিটারি পুল এলাকায় এই ঝটিকা মিছিল হয়েছে বলে ধারনা করা হচ্ছে, কেউ বলছে সাড়ে ৫টায় আবার কেউ বলছে ৬টার দিকে, তবে কেউ দেখেনি।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/জেএইচ






