চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ট্রেনের ধাক্কায় মো. কাজেম আলী খান (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পৌরসভার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ওই সময় এলাকা অতিক্রম করার সময় রেললাইনে হাঁটছিলেন কাজেম। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
আহত কাজেম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খান সাহেব হুজুরের বাড়ির বাসিন্দা এবং মাওলানা আহমুদুল হক নক্সবন্দীর ছেলে। স্থানীয়রা জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রিয়তা দাশ জানান, কাজেমের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তার কান ও নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





