চাটগাঁ নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় অকটেন ও পেট্রল বিক্রির ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেল (অকটেন ও পেট্রল) বিক্রিতে গড় হ্রাসের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার (১১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। বিজ্ঞপ্তিতে বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিপিসি জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণ–সংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রলের গড় বিক্রয় হ্রাসের হার আগের ২৫ শতাংশের পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ করা হয়েছে। এ অনুযায়ী ফিলিং স্টেশনগুলোতে বরাদ্দ চার্ট অনুসারে জ্বালানি সরবরাহ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও আন্তর্জাতিক খবর পড়ুন – চাটগাঁ নিউজ আন্তর্জাতিক

লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






