বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য ৩২ ওভারে ২৪৩ রান

ক্রীড়া ডেস্ক: বৃষ্টির বাধায় বন্ধ হয়ে থাকা ম‍্যাচের দৈর্ঘ‍্য কমেছে। ৩২ ওভারে বাংলাদেশের নতুন লক্ষ্য ২৪৩ রান। ফলে পরবর্তী ২৫ ওভারে বাংলাদেশকে করতে হবে ২১৬ রান।

এর মধ্যেই নতুন প্লেয়িং কন্ডিশন দেওয়া হয়েছে। দুই জন বোলার সর্বোচ্চ ৭ ওভার করে বোলিং করতে পারবেন। তিন বোলার সর্বোচ্চ ৬ ওভার করে বোলিং করতে পারবেন।

১৫ রানে ৩ উইকেট হারানোর পর দলকে টানছিলেন লিটন ও হৃদয়। এমন সময় মিরপুরে শুরু হয় বজ্রপাতসহ বৃষ্টি। এতে খেলা বন্ধ করে দিলেন আম্পায়ার। ৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রান করেছে বাংলাদেশ।

লক্ষ্যটা ছিল ধরাছোঁয়ার মধ্যেই, কিন্তু রান তাড়ায় নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শাহীন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বোলিংয়ে মাত্র ১৫ রানেই প্রথম সারির ৩ ব্যাটারকে হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা।

ইনিংসের তৃতীয় ওভারে প্রথম ধাক্কা দেন শাহীন শাহ আফ্রিদি। ছক্কার চেষ্টায় ফ্লিক করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন ওপেনার তানজিদ হাসান তামিম। সীমানায় মোহাম্মদ ওয়াসিমের হাতে ক্যাচ দেওয়ার আগে ৭ বলে মাত্র ১ রান করেন তিনি। প্রথম ওয়ানডের নায়ক আজ ফিরলেন চরম ব্যর্থতা নিয়ে।

তানজিদ ফেরার রেশ কাটতে না কাটতেই পরের ওভারে আক্রমণ শানান মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ওভারের প্রথম বলেই শর্ট মিড অফে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার সাইফ হাসান। ১২ রান করে সাইফ বিদায় নিলে ১৩ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

দলের কঠিন সময়ে হাল ধরতে এসে উল্টো বিপদ বাড়িয়ে বিদায় নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শাহীন শাহ আফ্রিদির একটি ইন-সুইং ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে চেয়েছিলেন শান্ত। কিন্তু উইকেটের লো-বাউন্সে পরাস্ত হয়ে সরাসরি বোল্ড হন তিনি। ৪ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি টাইগার অধিনায়ক।

৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫ রান। বর্তমানে ক্রিজে আছেন লিটন দাস ও তাওহিদ হৃদয়।

এর আগে ২৭৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। শেষ ৪৩ রানে দলটি হারিয়েছে ৭ উইকেট। চতুর্থ উইকেটে সালমান ও রিজওয়ানের ১০৯ রানের জুটিতে ৩ উইকেটে ২৩১ রান তুলেছিল পাকিস্তান। বিতর্কিত রানআউটে ৬৪ রানে ফেরেন সালমান। এরপর ধসে পড়ে পাকিস্তানের ইনিংস।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top