বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, রাঙ্গুনিয়ায় গ্রেফতার ২

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, রাঙ্গুনিয়া উপজেলার ২ নম্বর হোছনাবাদ ইউনিয়নের খিল মোগল এলাকার মো. ইয়াকুব নবী (৩৭) এবং ১ নম্বর রাজানগর ইউনিয়নের হালিমপুর এলাকার বিলকিস আক্তার (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে ভুক্তভোগী কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে গত ২০ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম নগরে নিয়ে যায়। সেখানে কয়েকদিন আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলা দায়েরের পর রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top