বিমানবন্দরে তল্লাশিতে ৫০ লাখ টাকাসহ জামায়াত আমির আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তার কাছে থাকা একটি ব্যাগ থেকে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, নিয়মিত তল্লাশির সময় বেলাল উদ্দিনের কাছে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার উৎস সম্পর্কে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়। উদ্ধারকৃত টাকার পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ব্যাগে কত টাকা রয়েছে—এমন প্রশ্নে জামায়াতের এই নেতা বলেন, “এখানে ৫০–৬০ লাখ, মানে ৫০ লাখ প্লাস টাকা আছে।” টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি ব্যবসার টাকা এবং গার্মেন্টস সংশ্লিষ্ট।

জিজ্ঞাসাবাদের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেলাল উদ্দিনকে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ সূত্র জানায়, মাওলানা বেলাল উদ্দিন আজ দুপুরে ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন পুলিশ তাকে থামায়। তল্লাশিকালে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই ব্যাগে ৫০ লাখের বেশি টাকা থাকার কথা স্বীকার করেন।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নির্বাচনী পরিবেশে এভাবে বিপুল পরিমাণ অর্থ বহনের ঘটনাকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করার প্রস্তুতি চলছে। একই সঙ্গে টাকা বহনের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top