চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের চলমান উন্নয়ন, আধুনিকায়ন ও সম্প্রচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার অভিযোগে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বেতার টেলিভিশন শিল্পী সংস্থা।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সংগঠনটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
কণ্ঠশিল্পী আব্দুল মান্নান রানার সভাপতিত্বে এবং সংগীত পরিচালক ফরিদ বঙ্গবাসীর পরিচালনায় সভায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে ঘিরে সাম্প্রতিক সময়ে প্রচারিত বিভিন্ন অপপ্রচার, ভুয়া সংবাদ, বিভ্রান্তিকর তথ্য ও গুজব নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের শিল্পীদের শ্রেণীমান উন্নীতকরণ, শিল্পী তালিকা হালনাগাদ, শিল্পীদের সম্মানি বৃদ্ধি এবং EFT-এর মাধ্যমে শিল্পীদের ব্যাংক হিসাবে সম্মানির অর্থ পাঠানোর উদ্যোগ ইতিবাচক। পাশাপাশি নতুন পাঁচতলা ভবন উদ্বোধন, নাটক ও সংগীতানুষ্ঠান আউটডোরে ধারণের জন্য স্বতন্ত্র ইউনিট গঠন এবং পৃথক অডিও স্টুডিও নির্মাণের উদ্যোগ কেন্দ্রটির সম্প্রচার কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করবে।
বক্তারা অভিযোগ করেন, এসব উন্নয়নমূলক কার্যক্রম চলমান থাকার মধ্যেই কিছু অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবং এর কর্মকর্তাদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে।
বিশেষ করে কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন এবং নির্বাহী প্রযোজক সফির হোসেনকে জড়িয়ে প্রচারিত বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সভায় উপস্থিত শিল্পীরা।
সভায় আরও অভিযোগ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে দায়িত্ব ছেড়ে যাওয়া কয়েকজন গেস্ট প্রডিউসার ও শিল্পী পরিচয়ধারী কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্দ্রটিকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার ও ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাচ্ছেন।
এসব অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
এ সময় সম্প্রতি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ এবং কেন্দ্রের জেনারেল ম্যানেজারকে হুমকি দেওয়ার ঘটনায়ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে মিথ্যা তথ্য প্রচার, গুজব ছড়ানো, কাউকে ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করা, হুমকি দেওয়া কিংবা দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য-প্রমাণসহ উপস্থাপন করে আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা উচিত।
বেতার টেলিভিশন শিল্পী সংস্থার পক্ষ থেকে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
একই সঙ্গে কেন্দ্রের নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং প্রচলিত বিধি অনুযায়ী তদন্তাধীন ব্যক্তিদের কেন্দ্রের প্রবেশাধিকার সীমিত বা স্থগিত রাখার বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হয়।
চাটগাঁ নিউজ/এসএ






