আন্তর্জাতিক ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
শপথ অনুষ্ঠানকে ঘিরে প্রতিবেশী ও আঞ্চলিক বিভিন্ন দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে ইঙ্গিত দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
রোববার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, একই দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ভারত সফরে যাচ্ছেন। সফরসূচি অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে তিনি নয়াদিল্লিতে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক সম্মেলনে অংশ নেবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারত সফর শেষে নিজ দেশে ফিরে যাবেন।
প্রতিবেদনে আরও বলা হয়, মোদির পরিবর্তে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধি অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে দেশটির উপরাষ্ট্রপতি অথবা পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিত থাকার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ১৩ ফেব্রুয়ারি বিএনপির ভূমিধস বিজয়ের পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। শুভেচ্ছাবার্তায় তিনি উল্লেখ করেন, এ বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের প্রতি গভীর আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে উভয় দেশ একসঙ্গে কাজ করে যাবে।
ভারতের প্রধানমন্ত্রীর এই বার্তার জন্য মোদিকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।
চাটগাঁ নিউজ/এমকেএন





