চাটগাঁ নিউজ ডেস্ক: দূরবর্তী শিক্ষার্থীদের নির্বাচনে যাতায়াতে বাস না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান ফটকে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। এতে সংহতি জানিয়ে অংশ নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে চবির প্রধান ফটকে চাকসুর উদ্যোগে তালা দেওয়া হয়।
চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান বলেন, নির্বাচনে অংশ নিতে দূরবর্তী শিক্ষার্থীদের বাস দিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুধু ট্রেনের ২টি বগি ভাড়ার জন্য সামান্য টাকা দিচ্ছে। আমরা বাইরে থেকে টাকা ম্যানেজ করে বাস কাউন্টারগুলোতে ঘুরতে ঘুরতে অপারগ হয়ে যখন জানালাম, যত খরচ হয় আমরা সেই টাকা দিয়েই নিয়ে যাব তবুও বিশ্ববিদ্যালয়ের বাস শিক্ষার্থীদের জন্য ব্যবহার করতে দেওয়া হোক। কিন্তু প্রশাসন সেটাও দিচ্ছে না।
তিনি আরও বলেন, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে বাস যেতে পারে, কারণ সেগুলো শিক্ষকরা চান তাই দেওয়া হয়। এখন এটা শিক্ষার্থীদের চাওয়া তাই এটার কোনো ভ্যালিডিটি নেই। শিক্ষার্থীদের জন্য বাস না দেওয়া পর্যন্ত মূল ফটক বন্ধ থাকবে।
২০-২১ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী আবরারুল হক বলেন, চাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার যাওয়ার পরও বাস দিচ্ছে না। এটা স্পষ্ট শিক্ষার্থী বিরোধী অবস্থান।
এদিকে এখন বাইরেও বাস পাওয়া যাচ্ছে না। যেখানে কুবি ও নোবিপ্রবির মতো ছোট বিশ্ববিদ্যালয়গুলো তাদের শিক্ষার্থীদের জন্য বাস দিয়েছে, সেখানে আমাদের সাথে প্রহসন করছে প্রশাসন।
চাটগাঁ নিউজ/জেএইচ





