চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের চান্দগাঁও থানার দক্ষিণ মোহরা এলাকায় একটি ভাড়া বাসায় গড়ে তোলা চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে দক্ষিণ মোহরার একটি ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ৬ জন হলেন, রিপন চাকমা (২৬), বিপ্লব চাকমা (২৬), টুনি চাকমা (৩৯), কৌশল বিকাশ চাকমা (২৮), বাবুধন চাকমা (২৭) ও রেবিকা চাকমা (২৬)।
চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ৫১০ লিটার চোলাই মদ এবং প্রায় এক হাজার লিটার গাঁজনকৃত তরল পদার্থ উদ্ধার করা হয়।
তিনি জানান, আসামিরা পার্বত্য এলাকা থেকে মদ তৈরির উপকরণ সংগ্রহ করে নগরের ওই বাসায় কারখানা স্থাপন করে মদ উৎপাদন ও বিক্রি করছিলেন। অভিযানে মদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





