চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত শিশু রেশমী আক্তার (১১) মারা গেছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি গত শুক্রবার থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিল। আজ সকালে তার অবস্থার অবনতি হলে সে মারা যায়।
গত বৃহস্পতিবার রাতে রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তরা অতর্কিত গুলি চালালে রাজু নামের এক যুবক নিহত হন। ওই সময় বাসা থেকে পান কিনতে বের হয়ে গুলিবিদ্ধ হয় শিশু রেশমী। সন্ত্রাসীদের ছোড়া গুলি তার বাম চোখে বিদ্ধ হয়েছিল। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত রাজুর মা বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





