বান্দরবান প্রতিনিধি: নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে লক্ষ্যে বিজিবি বান্দরবান সেক্টর অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
এছাড়া সীমান্ত এলাকায় টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ করা হচ্ছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি বান্দরবান সেক্টর সদর দপ্তরের আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব কথা বলেন সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল।
এ সময় তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে বিজিবি বান্দরবান সেক্টর তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তিনি মন্তব্য করেন।
প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং বিজিবির সদস্যরা।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান জেলায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ৭ প্লাটুন, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) থেকে বান্দরবান সদর ও থানচি উপজেলায় ৭ প্লাটুন এবং আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) থেকে লামা ও আলীকদম উপজেলায় ৭ প্লাটুনসহ মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
বিজিবি বান্দরবান সেক্টর মোট ২২টি বেইজ ক্যাম্প থেকে নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী থানচি ও আলীকদম উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে জানান বিজিবি কর্মকর্তারা।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন





