বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০

চাটগাঁ নিউজ ডেস্ক: বান্দরবানে একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গেলে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস পর্যটকদের নিয়ে বান্দরবানের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে পাহাড়ি সড়কে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে চালক, সুপারভাইজার, হেলপারসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের মানুষকে সহযোগিতার আহ্বান জানানো হয়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে পাঠান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতায় যোগ দেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, অধিকাংশ যাত্রী সামান্য আহত হলেও বাসের সুপারভাইজারসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়েছে। আহতদের মধ্যে প্রায় ১৫ থেকে ২০ জন হালকা আঘাত পেয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top