বাকলিয়ায় প্রকাশ্যে গুলিবর্ষণ: মূল আসামি ফারুক গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় মূল আসামি ফারুক হোসেন (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ফারুক লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরভূমি চৌরাস্তা এলাকার মৃত শাহজাহানের ছেলে। বর্তমানে তিনি বাকলিয়ার মিয়াখান নগরের ইলিয়াছ কলোনিতে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের পূর্ব বিন্দারখীল পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ এপ্রিল মিয়াখান নগর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে সিএনজি চালক, পথচারী ও এক মিল শ্রমিকসহ অন্তত চারজন গুলিবিদ্ধ ও আহত হন।

এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় ফারুককে প্রধান গুলিবর্ষণকারী হিসেবে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে একই ঘটনায় জড়িত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—আবু কাউছার (২০), মো. সজিব (১৯), সৈয়দ সুমন (২০) ও মো. বাবলা (১৯)।

পুলিশ ঘটনাস্থল ও অভিযানে একটি দেশীয় তৈরি শর্টগান, দুই রাউন্ড গুলি এবং দুটি ধারালো কিরিচ উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top