চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ফিশারি ঘাট এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২২ মার্চ) রাত প্রায় ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ইরফান (৩৫) চট্টগ্রামের মনসুরাবাদ এলাকার বাসিন্দা এবং জাকির হোসেনের ছেলে। আহত সোলেমান (৩৫) আনোয়ারা উপজেলার বুরুমছড়া এলাকার মনিরুজ্জামানের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নতুন ফিশারি ঘাট সড়কে দুটি মোটরসাইকেলের মধ্যে সরাসরি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইরফানের মৃত্যু হয়। গুরুতর আহত সোলেমানকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর রফিকুল করিম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আনোয়ারা উপজেলার তৈলের দীপ এলাকার বাসিন্দা।
বাকলিয়া থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত একটি সুজুকি ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





