বাকলিয়ায় চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৪০ হাজার পিস ইয়াবা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে নগরের নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় স্থাপিত অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম নুরুল কবির (৩৫)। তিনি কক্সবাজার জেলার মহেশখালী থানার বড় মহেশখালী এলাকার জাগিরা ঘোনা নতুনবাজার লম্বা কবিরের বাড়ির বাসিন্দা। তাঁর পিতার নাম শফিউল আলম।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বাংলানিউজকে জানান, ভোর সোয়া পাঁচটার দিকে ‘সেন্টমার্টিন আব্দুল্লাহ’ নামের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির সিটের উপরের এসি বক্সের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নুরুল কবিরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top