চাটগাঁ নিউজ ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অস্থিতিশীল হয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। এ অবস্থায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে পরিচালিত সব ফ্লাইট আপাতত স্থগিত করা হয়েছে।
আজ শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে চলমান হামলার কারণে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমান সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েকটি দেশের এয়ারস্পেসে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এ অবস্থায় ফ্লাইট পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ




