বাংলাদেশকে জ্বালানি সহায়তা দিবে ভারত ও চীন

চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশকে জ্বালানি তেল সরবরাহে সহায়তায় আগ্রহী ভারত ও চীন। ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পৃথক বৈঠকে এই আগ্রহের কথা জানান।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের বলেন, জ্বালানি সমস্যা সমাধানে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে। তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী চীন।

এর আগে রবিবার (৮ মার্চ) জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক করেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। ওই বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, বিদ্যমান চুক্তির আওতায় ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে প্রতিমাসে ২০ হাজার টন ডিজেল আনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

চলতি বছর এই চুক্তির আওতায় ৫ হাজার টন ডিজেল এসেছে। আগামী দু-একদিনের মধ্যে আরও ৫ হাজার টন ডিজেল সরবরাহ পেতে যোগাযোগ রেখেছে ঢাকা। এছাড়া চুক্তির বিদ্যমান অতিরিক্ত ৬০ হাজার টন অপশনাল পরিমাণ থেকেও সরবরাহ নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top