বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি

চাটগাঁ নিউজ ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত জনপদ বাঁশখালীর দুর্গত মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি। ‘ত্রাণ নয়, ভালোবাসার উপহার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি দুই দিনব্যাপী খাদ্য, নগদ অর্থ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে।

সোমবার (১৪ জুলাই) শুরু হয়ে মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত প্রায় ২টা পর্যন্ত চলে এ কার্যক্রম।

বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে সংগঠনটির ১৭ সদস্যের প্রতিনিধি দল নিরলসভাবে কাজ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও দেশ কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ কারী আমানুল্লাহ দৌলত। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সিলেট-সুনামগঞ্জের ভয়াবহ বন্যা থেকে শুরু করে রোহিঙ্গা শরণার্থী সংকট—দেশের যেখানেই মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, সেখানেই নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল মানবতার আলোকবর্তিকা হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানবসেবাই তাঁর জীবনের অন্যতম অঙ্গীকার।

বাঁশখালী উপজেলার মধ্যম ইলশা গ্রামের সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়া প্রায় ৬০০ বন্যার্ত মানুষের জন্য রান্না করা খাবারের আয়োজন করা হয়। পাশাপাশি অসহায় ও হতদরিদ্র কয়েকটি পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। দীর্ঘ অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে এই সহায়তা পেয়ে অনেকের চোখে ছিল স্বস্তি ও কৃতজ্ঞতার অশ্রু।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার সুপন বড়ুয়া চৌধুরী, ব্যাংকার ইয়াসিন আরাফাত মুন্না, অ্যাডভোকেট শফিউল আলম খোকন, ইঞ্জিনিয়ার আবু নাছের মাহমুদ শাহেদ, সমাজকর্মী এমডি মিলন, বিশিষ্ট সঙ্গীতশিল্পী গোলাম মোস্তফা, কামরুল ইসলাম ও মুনতাসিরুল করিমসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

এ সময় বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মেহমানখানায় বাঁশখালীর বিভিন্ন জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা সংগঠনটির মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগ দুর্গত মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top