চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরি খাসমহল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক নারীর নাম পারভিন আক্তার (২৭)।
সেনাবাহিনী সূত্র জানায়, কালীপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম নিজ বাড়িতে অবস্থান করে মাদক কারবার চালাচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম পালিয়ে যান।
অভিযানকালে তার বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্ত্রী পারভিন আক্তারকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া ইয়াবা বিক্রির নগদ ১৩ হাজার ৩৩০ টাকা, একটি ২০ ইঞ্চি মনিটর, একটি সিসিটিভি ক্যামেরা, টিভি অ্যাডাপ্টার, ফাঁকা ও লিখিত স্ট্যাম্প, চারটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড এবং এক লাখ টাকার একটি চেক জব্দ করা হয়।
বাঁশখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই নারীকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি, এ অপরাধ দমনে সেনাবাহিনীর অবস্থান জিরো টলারেন্স।
চাটগাঁ নিউজ/এমকেএন





