চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে একটি বিদেশি রিভলবার, দুটি একনলা বন্দুক, বিপুল পরিমাণ গুলি ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার সরল ইউনিয়নের একটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্র জানায়, সরল ইউনিয়নে কয়েকজন ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা দুটি বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ওই বস্তাগুলো তল্লাশি করে একটি বিদেশি রিভলবার, দুটি একনলা বন্দুক, বিপুল পরিমাণ গুলি এবং চারটি রামদা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





