চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে মো. কাশেম (২৮) ও তার স্ত্রী নারগিছ আক্তারকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে র্যাব-৭ এর মিডিয়া শাখার সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল) বিকেলে কক্সবাজারের চকরিয়া থানার লক্ষ্যারচর ইউনিয়নে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১৫, কক্সবাজারের যৌথ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
নিহত রেহেনা বেগম (৬২) বাঁশখালীর পূর্ব বৈলছড়ি গ্রামের বাসিন্দা। তিনি ছোট ছেলে কাশেম ও পুত্রবধূর সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। তার বড় ছেলে প্রবাসে থাকতেন এবং নিয়মিত মায়ের চিকিৎসার জন্য অর্থ পাঠাতেন। তবে ওই অর্থের ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
র্যাবের তথ্যমতে, গত ৫ জুন রাত থেকে ৬ জুন ভোরের মধ্যে কোনো একসময় কাশেম ও তার স্ত্রী মিলে ধারালো অস্ত্র দিয়ে রেহেনা বেগমকে হত্যা করে। হত্যার পর তারা রক্তমাখা কাপড় লুকিয়ে রাখে বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর গুরুতর অবস্থায় রেহেনা বেগমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. মুক্তার আহমদ বাদী হয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব কর্মকর্তা জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। পরবর্তীতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





