বাঁশখালীতে ঢলের জমানো পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের জমে থাকা পানিতে ডুবে মোনতাসির নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৩ জুলাই) দুপুরের দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশুটি উপজেলার কাথরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাগমারা গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে।

স্থানীয় চম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, বাগমারা গ্রামে সাধারণত বন্যা বা ঘূর্ণিঝড়েও কখনো পানি ওঠে না। কিন্তু বাড়ির সামনের উঠানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তিনি অভিযোগ করেন, এলাকার জলকদর খালে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, যার ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিচ্ছে।

অভিযোগ উঠেছে যে, জলকদর খালের স্লুইচগেটগুলো বন্ধ করে মাছ চাষ করার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, মো. আনসার ও মোহাম্মদ কাদের নামে দুই প্রজেক্ট মালিক পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করায় বাগমারা এলাকার শত শত পরিবার বর্তমানে পানিবন্দি হয়ে পড়েছে। এই কৃত্রিম জলাবদ্ধতাই শিশুটির মৃত্যুর মূল কারণ বলে স্থানীয়রা মনে করছেন।

এদিকে নিহত শিশুর দাফন কাজ আজ বিকেল চারটার দিকে অলিশা মাজার সংলগ্ন কবরস্থানে সম্পন্ন হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top