আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে নগদ অর্থ বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
দমকল বিভাগের প্রধান পাভেল তোভার জানান, নিহতরা বিমানের ভেতরে ছিলেন নাকি বিমানবন্দরের নিকটবর্তী মহাসড়কে অবস্থান করছিলেন তা এখনও নিশ্চিত করা যায়নি।
স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছড়িয়ে পড়া ব্যাংকনোট সংগ্রহ করতে লোকজন ভিড় জমায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে।
বলিভিয়ান বিমানবাহিনীর একটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। পরে এটি একটি সড়ক অতিক্রম করে পাশের মাঠে গিয়ে থামে। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিমানে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য জানায়নি।
জানা গেছে, বিমানটি কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন ছাপানো ব্যাংকনোট দেশের বিভিন্ন শহরে পৌঁছে দিতে যাচ্ছিল। দুর্ঘটনার পর বিপুল পরিমাণ টাকা ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে।
বলিভিয়ার বিমান চলাচল ও বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটি পূর্বাঞ্চলীয় শহর সান্তা ক্রুজ থেকে উড্ডয়ন করে লা পাজে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। ঘটনার পর সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বলিভিয়ান বিমানবাহিনীর জেনারেল সার্জিও লোরা জানিয়েছেন, বিমানের ছয়জন ক্রুর মধ্যে দুজন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





