বলিউডে কমছে ভালো সিনেমা: শাহিদ কাপুর

বিনোদন ডেস্ক: বলিউডে কি তবে ভালো সিনেমার রসদ ফুরিয়ে আসছে? সমসাময়িক হিন্দি সিনেমা নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। বর্তমানে তিনি তার আসন্ন সিনেমা ‘ও রোমিও’–এর প্রচারণায় ব্যস্ত রয়েছেন।

প্রচারণার ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির ভেতরের কিছু তিক্ত বাস্তবতা তুলে ধরেন এই তারকা। শাহিদের মতে, বর্তমানে বলিউডে মানসম্মত সিনেমার সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। সিনেমার গুণগত মান ধরে রাখার চেয়ে এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কৃত্রিম প্রচার ও অতিরিক্ত মার্কেটিংয়ে।

এই প্রবণতাকে ‘ম্যানুফ্যাকচার্ড মার্কেটিং’ আখ্যা দিয়ে শাহিদ বলেন, ‘এই ধরনের মেকি প্রচার কৌশলের সঙ্গে প্রকৃত শিল্পচর্চার কোনো মিল নেই। একজন শিল্পী হিসেবে আমরা যখন দর্শকদের কাছ থেকে নিরপেক্ষ প্রতিক্রিয়া আশা করি, তখন কৃত্রিম পিআর মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়।’

তিনি আরও বলেন, ‘অভিনেতা হওয়া কোনো সহজ কাজ নয়। হলের অন্ধকার ঘরে শত শত মানুষ যখন সিটি দেয় বা হাততালি দেয়, তখন এক ধরনের অদ্ভুত সম্মান ও ভালো লাগা কাজ করে। কিন্তু সেখানে যখন কৃত্রিমতা ঢুকে পড়ে, তখন সেই স্বচ্ছ অনুভূতিটা আর আগের মতো থাকে না।’

সাক্ষাৎকারে বর্তমান দর্শকদের মনস্তত্ত্ব নিয়েও কথা বলেন শাহিদ কাপুর। তার মতে, আধুনিক যুগে দর্শকদের অ্যাটেনশন স্প্যান দ্রুত কমে যাচ্ছে। তারা দীর্ঘ সময় ধরে কোনো কনটেন্টে মনোযোগ ধরে রাখতে পারছেন না।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা এক ধরনের “ডোপামিন হিট”। দর্শকরা যেমন ধৈর্য হারাচ্ছেন, নির্মাতারাও তেমনটাই করছেন। সবাই সবসময় উত্তেজনার খোঁজে থাকেন। এই ডোপামিন হিটের চাপে নির্মাতাদের সৃজনশীলতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top