বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বর্গা শিক্ষক নিয়োগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (১১ মে) দুপুরে বান্দরবান জেলা সদরের রেইছা প্রাইমারি টিচার ট্রেনিং সেন্টার (পিটিআই) পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। তবে দুঃখজনকভাবে দেশে বর্গা শিক্ষকের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষ করে পার্বত্য এলাকায় এ প্রবণতা বেশি। ভবিষ্যতে বর্গা শিক্ষক দিয়ে স্কুল পরিচালনার কোনো সুযোগ থাকবে না।
তিনি আরও বলেন, শিক্ষকরা যদি দায়িত্ব নিয়ে নিয়মিতভাবে পাঠদান করেন, তাহলে প্রাথমিক শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
ববি হাজ্জাজ বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বাংলা, গণিতসহ মৌলিক বিষয়ে যথাযথ দক্ষতা অর্জন করতে পারছে না। শিক্ষকরা নিয়মিতভাবে পাঠদান করলে শিক্ষার্থীরা দ্রুত শিখতে পারবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত সময়ে প্রাথমিক শিক্ষার মান অনেক নিচে নেমে গিয়েছিল, যা সরকার পরিবর্তনের মাধ্যমে উন্নত করার উদ্যোগ নিচ্ছে।
এর আগে তিনি রেইছা প্রাইমারি টিচার ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, পিটিআই পরিচালক ফজলুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘মাসের পর মাস অনুপস্থিত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, ক্লাস নিচ্ছে বর্গা শিক্ষক’ শিরোনামে ৯ মে সিপ্লাস টিভিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আসে এবং তিনি বান্দরবানে সাংবাদিকদের সামনে এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান।
চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন






