চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে কলসিদিঘির পাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মঞ্জুর আলম নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় এলাকার বাসিন্দা। তিনি আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে এবং পেশায় গাড়িচালক ছিলেন।
পরিবারের সদস্যদের দাবি, গত ৬ মার্চ থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)ও করা হয়েছিল।
নিহতের শ্যালক মো. হাসান বলেন, আমার দুলাভাই কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। আমরা থানায় জিডি করেছিলাম। আমাদের ধারণা, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছে।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন জানান, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত শুক্রবার তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





