চাটগাঁ নিউজ ডেস্ক: বদরখালীতে সংসদ সদস্য আলমগীর ফরিদের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় মো. খালেদ বিন ওয়ালিদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমপির গাড়িবহরের পেছনে থাকা তিন নম্বর গাড়ির ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়।
গাড়িবহরে থাকা তারেক রহমান জানান, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর ফরিদ নির্বাচন-পরবর্তী সময়ে তার নির্বাচনী এলাকা কুতুবদিয়া সফরে যান। সেখান থেকে ফেরার পথে বদরখালী প্রধান সড়কে শিশুটি বহরের একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আহত হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এ সময় উত্তেজিত জনতা বহরের একটি গাড়ি ভাঙচুর করে।
এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এমপির ব্যক্তিগত গাড়ি নয়, বরং তার গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় বদরখালীর এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত খালেদ বদরখালী আহমদ কবিরের ঘাটা সংলগ্ন তেচ্ছিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলাম ও সুমাইয়া দম্পতির সন্তান। সে স্থানীয় একটি নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





