আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব গহিরা এলাকার জেলেরা মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে জলদস্যুর হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলার গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে।
হামলায় এক মাঝি গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্তত ১১ জন মাঝিমাল্লা আহত হয়েছেন। জলদস্যুরা তিনটি ফিশিং ট্রলার থেকে জ্বালানি, মাছ ধরার সরঞ্জামসহ প্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
গুলিবিদ্ধ মাঝি হলেন পূর্ব গহিরা তেলিপাড়ার মো. জসিম কোম্পানির মালিকানাধীন একটি ফিশিং ট্রলারে কর্মরত মনি মাঝি (৫৮), তিনি মৃত ছিদ্দিক আহমেদের পুত্র। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যান্য আহতরা হলেন: হেফাজ মাঝি, আবুল হাসেম, জিয়াউল হক, আবুল কাশেম, আবদুর রহমান, আরফাত, জাবেদ, ফরিদ, জব্বার ও মিজান।
ভুক্তভোগী মাঝিমাল্লাদের ভাষ্য অনুযায়ী, একই সময়ে পূর্ব গহিরা এলাকার মো. হেফাজ কোম্পানি ও মো. কাশেম কোম্পানির মালিকানাধীন আরও দুটি ফিশিং ট্রলার জলদস্যুর কবলে পড়ে। এই সময় ট্রলারে থাকা মাঝিমাল্লাদের মারধর ও বিভিন্নভাবে নির্যাতন করা হয়। পরে ট্রলারের জ্বালানি, জাল ও অন্যান্য সরঞ্জাম লুট করে নেয় জলদস্যুরা।
হামলার শিকার একটি ট্রলার রাত আনুমানিক ১২টার দিকে উপকূলে ফিরে আসে। অন্য দুটি ট্রলারও বুধবার বিকেলে আনোয়ারা উপকূলে ফিরেছে।
মাঝিমাল্লাদের দাবি, জলদস্যুরা নিজেদের বাঁশখালী, কুতুবদিয়া ও মহেশখালী এলাকার বাসিন্দা বলে পরিচয় দিয়েছে। তবে এটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মো. মহিউদ্দিন জানান, মঙ্গলবার রাতে মাছ শিকারে গিয়ে তিনটি ট্রলার জলদস্যুর কবলে পড়ে। এতে মনি মাঝি গুলিবিদ্ধ হন এবং আরও ৯-১০ জনকে মারধর করা হয়। জলদস্যুরা ট্রলারগুলোর জ্বালানি ও সরঞ্জাম লুট করে নিয়ে গেছে।
এ বিষয়ে বার-আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. কামাল হোসেন বলেন, ঘটনাটি কক্সবাজার জেলাধীন গভীর সমুদ্রে ঘটেছে। আমরা বিকেলে গহিরা এলাকায় গিয়ে ঘটনার তথ্য সংগ্রহ করেছি এবং আহত জেলে ও একজন মাঝির সাথে কথা বলেছি।
বাংলাদেশ কোস্ট গার্ডের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানিয়েছেন, একজন মাঝি গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। সাগরে আমাদের টহল কার্যক্রম চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন
আরও আন্তর্জাতিক খবর পড়ুন – চাটগাঁ নিউজ আন্তর্জাতিক
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





