বউয়ের সাথে ঝগড়া করে টমটম চালকের আত্মহত্যা!

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলী এলাকায় নিজ বাসা থেকে মো. কায়সার (২৫) নামের এক ইজিবাইক (টমটম) চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, বউয়ের সাথে ঝগড়ার এক পর্যায়ে তিনি আত্মহত্যা করেছেন।

আজ শনিবার (৭ মার্চ) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত কায়সার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া এলাকার মোহাম্মদ সিরাজের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে কলাতলীতে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ঋণের টাকা পরিশোধ করা নিয়ে কায়সার মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। আজ ভোরে সেহরির সময় এই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। একপর্যায়ে কায়সার তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দেন। স্ত্রী তার মাকে ডাকতে ঘরের বাইরে গেলে, সেই সুযোগে কায়সার রুমের দরজা বন্ধ করে দেন। পরে জানালা দিয়ে তাকে সিলিংয়ের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে এটিকে পারিবারিক কলহ ও ঋণের চাপে অভিমান থেকে ‘আত্মহত্যা’ বলে ধারনা করা হচ্ছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top