চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফলমন্ডি এলাকায় অধিক মূল্যে ফল ও গ্যাস সিলিন্ডার বিক্রি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ ও সহকারী পরিচালক আমিনুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে ‘মায়াবী ফ্রুটস’-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধরনের অনিয়মের পাশাপাশি অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে ‘মেসার্স তুহিন এন্টারপ্রাইজ’-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া হিসাব সংরক্ষণে অনিয়মের দায়ে ‘মেসার্স উমাইমা ইন্টারপ্রাইজ’-কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অনুমোদনহীন প্রসাধনী বিক্রির অভিযোগে ‘সিয়াম কসমেটিক্স’-কে ৪ হাজার টাকা এবং গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির দায়ে ‘হক অ্যান্ড ব্রাদার্স’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





