ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের ৪২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নবসৃষ্ট ১৬টি উপজেলায় নতুন করে ১৫১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের আওতাভুক্ত স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর তালিকাও প্রজ্ঞাপনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
ফটিকছড়ি উত্তর উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল স্থাপনের অনুমোদনের খবরে স্থানীয়দের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, নতুন এ স্বাস্থ্য কমপ্লেক্স চালু হলে উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে। পাশাপাশি উপজেলার বিপুলসংখ্যক মানুষ স্থানীয়ভাবে উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন






